বাজার মনিটরিং
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে ভূঞাপুর উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো: নাজমুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাব-এর সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, স্যানিটারি ইন্সপেক্টর রোকেয়া খাতুন, ইউনিয়ন সমাজ কর্মি আবুল কালাম আজাদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মনিটরিংকালে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মান ও ওজনে কারচুপি রোধসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, যাতে কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।